শিরোনাম

নাটোর, ৩০ মে, ২০২৬ (বাসস) : শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নাটোরে বিএনপির নেতা-কর্মীরা।
সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আজ নাটোরে আয়োজিত এক আলোচনায় বক্তারা এই প্রত্যয় ব্যক্ত করেছেন।
জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ বলেন, কুচক্রী মহল মনে করেছিল শহীদ জিয়াকে হত্যা করে জিয়ার আদর্শ নিশ্চিহ্ন করে দেয়া যাবে। ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছেন। শহীদ জিয়ার আদর্শ কখনো নিঃশেষ হওয়ার নয়। এর সর্বশেষ প্রমাণ বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় অর্জন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দিনে দেশের হাল ধরেছেন। তিনি ৩১ দফার বাস্তবায়ন কাজ শুরু করেছেন। সরকারের সকল কার্যক্রমে সহযোগিতা প্রদান করে দেশকে এগিয়ে নিতে হবে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে দিশেহারা জাতিকে স্বাধীনতার ঘোষণা প্রদান করে মুক্তিযুদ্ধকে সফল পরিণতিতে নিয়ে যান শহীদ জিয়াউর রহমান। তিনি দুঃশাসনের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। আধুনিক রাষ্ট্রের গঠন এবং রুপান্তর শহীদ জিয়ার নেতৃত্বেই হয়েছিল। কর্মময় জীবনের মাধ্যমে তিনি এ দেশের সবচেয়ে জনপ্রিয় ও সফল রাষ্ট্রনায়ক।
প্রতিমন্ত্রী আরো বলেন, জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন। তার অদম্য মেধা ও কর্মস্পৃহা দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। আমরা প্রধানমন্ত্রীর উন্নয়নের সারথী হিসেবে কাজ করে যেতে চাই।
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র আহ্বায়ক মো. আব্দুল আজিজ সভাপতির বক্তৃতায় বলেন, শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আপোষহীনতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মময় জীবনকে অনুসরণ করে আমরা দল ও দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে বিশেষ বক্তা জেলা বিএনপি’র সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ বলেন, শহীদ জিয়া গড়া বিএনপি’র ঐক্য ধরে রাখতে হবে, দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, শহীদ জিয়ার আদর্শ কখনো নিঃশেষ হওয়ার নয়। তার আদর্শের কারণেই বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল।
আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে আলোচনায় সভায় আরও বক্তৃতা করেন, বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মিজানুল হক ডিউক, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকালে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা পরিষদ অডিটোরিয়ামে কোরানখানী আয়োজন করা হয়।
সকাল দশটায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুঃস্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।