শিরোনাম

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বর্ষাকালব্যাপী বিশেষ বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।
আজ শুক্রবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল ৩০ মে (শনিবার) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি শুরু হবে।
এই কর্মসূচির আওতায় ঢাবি ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মী ২০২৬ সালের জুন-জুলাই মাসে নিজ বাড়ি, এলাকা, আবাসিক হল ও ক্যাম্পাস প্রাঙ্গণে অন্যূন ১০টি করে বৃক্ষরোপণ করবেন। এর পাশাপাশি তারা রোপণকৃত বৃক্ষসমূহ রক্ষণাবেক্ষণের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণসহ এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট থাকবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ বিশেষ এই কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন।
কর্মসূচি প্রসঙ্গে তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অভীষ্ট স্বনির্ভর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের লক্ষ্যে তাঁর সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবেলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দিয়েছে। এই বিশেষ কর্মসূচিটি প্রাণ-প্রকৃতি রক্ষা করে সরকারের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি অনুপ্রেরণাদায়ী প্রয়াসে পরিণত হবে।