বাসস
  ২৯ মে ২০২৬, ২৩:৩৭

পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সৌহার্দ্যের শিক্ষা দেয় : প্রতিমন্ত্রী মীর হেলাল

ছবি : বাসস

চট্টগ্রাম, ২৯ মে, ২০২৬ (বাসস) : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। সাধারণ ও মেহনতি মানুষের কল্যাণে আমার পরিবার দীর্ঘকাল ধরে নিবেদিতপ্রাণ। 

তিনি বলেন, আমরা সমাজে এমন এক পরিবেশ তৈরি করতে চাই যেখানে শান্তি, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ঈদসহ সকল উৎসব উদযাপন করতে পারে। কোনো বৈষম্য বা অভাব যেন সাধারণ মানুষের ঈদের আনন্দকে মলিন করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।

আজ শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীর মীরেরখিল প্রাথমিক বিদ্যালয় মাঠে রিবাত ও আদমকেয়ার গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে সবার জন্য কোরবানি ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি আরও বলেন, আমাদের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অসহায়, দরিদ্র এবং সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশেই তৃণমূলের প্রতিটি মানুষের দোরগোড়ায় সুশাসন ও অধিকার পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি নাগরিকের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল চালিকাশক্তি।

প্রতিমন্ত্রী সমাজ উন্নয়নমূলক ও মানবিক কাজে এগিয়ে আসার জন্য এলাকার বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা মানবিক কল্যাণে এগিয়ে আসুন এবং আমার হাতকে শক্তিশালী করুন; আমি আপনাদের একটি সুশৃঙ্খল, শান্তি-সম্প্রীতি ও সমৃদ্ধ হাটহাজারী উপহার দেব।’

প্রতিমন্ত্রী, এদিন ব্যক্তিগত তহবিল ও বিভিন্ন সংস্থার অনুদানে ৪০টি গরু জবেহ করে অসহায় দলীয় নেতাকর্মীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন। এছাড়া ঈদ উপহার সামগ্রী ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। এমন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগে অভিভূত ও আবেগে আপ্লুত হয়ে পড়েন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা।