বাসস
  ২৮ মে ২০২৬, ১৮:১১

কোরবানির প্রথম দিনের বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের আশাবাদ ডিএসসিসি প্রশাসকের

ঢাকা, ২৮ মে, ২০২৬ (বাসস): পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ (বৃহস্পতিবার) কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য স্থানান্তরের মাধ্যমে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এসময় প্রশাসক বলেন, ডিএসসিসি নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে সক্ষম হবে। কার্যক্রম শুরুর পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই প্রথম দিনের সকল বর্জ্য ল্যান্ডফিলে অপসারণ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, 'আজ রাত ৯টার মধ্যেই পুরো ঢাকা দক্ষিণ সিটি এলাকা কোরবানির বর্জ্যমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।'

প্রশাসক বলেন, দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে ডিএসসিসি নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।

ডিএসসিসি সূত্রে জানা যায়, ঈদের প্রথম দিনে মাঠপর্যায়ে মোট ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঈদের তিনদিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সর্বমোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

ডিএসসিসি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে।