বাসস
  ২৭ মে ২০২৬, ১৯:৩১
আপডেট : ২৭ মে ২০২৬, ২০:১৩

শেরপুরে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

আজ বৃহস্পতিবার শেরপুর শহরের মডেল গার্লস ডিগ্রি কলেজ হলরুমে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে দেওয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ছবি: বাসস

শেরপুর, ২৭ মে, ২০২৬, (বাসস) : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে দেওয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুর শহরের মডেল গার্লস ডিগ্রি কলেজ হলরুমে উপহারের নগদ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

অনুষ্ঠানে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং শেরপুর পৌরসভার মোট ৫০০ জন অসহায় ও দুঃস্থ নারী-পুরুষের মাঝে নগদ এক হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা ঈদ উপহার প্রদান করা হয়।

এ সময় জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হযরত আলী, সাবেক সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক ও পিপি আব্দুল মান্নান, সদস্য সচিব জাফর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেন, যুবদল নেতা আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বলসহ সদর উপজেলা ও পৌরসভার বিভিন্নস্থানের নেতাকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি ডা. প্রিয়াঙ্কা এমপি বলেন, শেরপুর জেলা একটি কৃষি প্রধান জেলা। এই জেলায় কৃষকদের উন্নয়নের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 

আগামীতে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করা হবে।
 
তিনি বলেন, আগামী পাঁচ বছরে রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেরপুর জেলাকে উন্নয়নের মডেল জেলা হিসেবে রূপান্তরিত করা হবে ইনশাল্লাহ।