শিরোনাম

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : প্রাণিসম্পদ অধিদপ্তরের ২৪তম বিসিএস (লাইভস্টক) ক্যাডারের কর্মকর্তা এবং সাভার কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির উপপরিচালক ডা. মোহাম্মদ মাহবুবুল আলম ইন্তেকালে করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডা. মোহাম্মদ মাহবুবুল আলমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান জানান, আজ বেলা ১১টায় সাভার রেডিও কলোনি কোরবানির পশুর হাটে সরকারি দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে পথিমধ্যেই তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক
পুত্র ও এক কন্যাসহ অসংখ্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এক শোকবার্তায় বলেন, মরহুম ডা. মোহাম্মদ মাহবুবুল আলম ছিলেন একজন নিষ্ঠাবান, কর্মনিষ্ঠ, দায়িত্বশীল ও অত্যন্ত আন্তরিক কর্মকর্তা। কর্মজীবনে তার পেশাদারিত্ব, মানবিকতা এবং সহকর্মীদের প্রতি সদয় আচরণ তাকে প্রাণিসম্পদ পরিবারের কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধার পাত্রে পরিণত করেছিল। তার অকাল প্রয়াণে প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সমগ্র কৃষি ও প্রাণিসম্পদ সেক্টরে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।