শিরোনাম

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর ট্রাফিক-মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সার্জেন্ট মো. রানা ইসলামের বিচক্ষণতায় ছিনতাই হওয়া গরু-ছাগল ভর্তি পিকআপ উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে।
গতকাল (মঙ্গলবার) বেলা সাড়ে ১২টার দিকে দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে গাবতলী এলাকা থেকে পিকআপসহ তাদের আটক করা হয়।
আজ (বুধবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটককৃতরা হল-মো. সাব্বির (২৫), অমিত সরকার (৬০) ও মো. অন্তর (২৮)।
ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, সার্জেন্ট মো. রানা ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিউটিরত অবস্থায় বেতার যন্ত্রের মাধ্যমে একটি গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের সংবাদ পান। পরে অভিযান পরিচালনা করে ওই পিকআপসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় পিকআপে থাকা ছয়টি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়।
ঈদুল আযহাকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকা- দমনে ট্রাফিক-মিরপুর বিভাগের নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।