শিরোনাম

নওগাঁ, ২৬ মে, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে দুস্থ, গরিব ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে মানবিক সহায়তা হিসেবে টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে আজ এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১,৫০০ টাকা করে মোট ৫,০০,০০০ (পাঁচ লাখ) টাকা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে ঢেউটিন এবং নগদ টাকা বিতরণ করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ ও ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
মো. রেজাউল ইসলাম এমপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের সাধারণ, মেহনতি ও অসহায় মানুষের পাশে আছেন। পবিত্র ঈদুল আজহার আনন্দ থেকে যেন উপজেলার একটি পরিবারও বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আজকের এই মানবিক সহায়তা। পাশাপাশি যারা কালবৈশাখী ঝড় ও অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুনর্বাসনেও সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে।’
তিনি বলেন, আমরা চাই প্রতিটি ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এই ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রকৃত অসহায় মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী এবং ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ যেন প্রকৃত হকদারদের হাতে পৌঁছায়, তা আমরা নিশ্চিত করেছি। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও উৎসবে উপজেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম, গণমাধ্যমকর্মী প্রমুখ।
প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ পেয়ে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। তারা সরকারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।