শিরোনাম

রাজশাহী, ২৬ মে, ২০২৬ (বাসস) : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত এবং কোরবানির পশুর হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৫।
রাজশাহী মহানগরীসহ ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত ৫টি জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ এবং জয়পুরহাটের বিভিন্ন জনবহুল এলাকায় র্যাবের নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী সিটি হাটে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান।
র্যাব অধিনায়ক জানান, ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্ভয়ে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে বাড়িতে ফিরতে পারেন, সেজন্য রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঈদকে কেন্দ্র করে যাত্রীরা যেন কোনো ধরনের ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি বা অজ্ঞান পার্টির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হন, সে লক্ষ্যে কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়,নওহাটা ব্রিজ এবং বেলপুকুর বাইপাস এলাকাসহ বিভিন্ন পয়েন্টে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। একই সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনে ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় বিশেষ চেকপোস্ট ও ‘রোবাস্ট পেট্রোলিং’ বা শক্তিশালী টহল অব্যাহত রাখা হয়েছে।
এদিকে কোরবানির পশুর হাটের সার্বিক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানামুখী পদক্ষেপ নিয়েছে র্যাব-৫। বিশেষ করে রাজশাহী সিটি হাটসহ বিভিন্ন পশুর হাটে ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি এবং অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি কমাতে পর্যাপ্ত র্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়া চলমান তীব্র গরম ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে সিটি হাটে আগতদের জন্য র্যাবের সার্বিক তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা সহায়তার লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল ও সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে র্যাব-৫। পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণকে সতর্কতার সঙ্গে লেনদেন করার এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলেই র্যাব বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছেন অধিনায়ক।
আরও জানানো হয়, পবিত্র ঈদ-উল-আযহা নির্ভয়ে উদযাপনের জন্য যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র্যাব-৫ সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।
এছাড়া ঈদ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে বিশেষ চেকপোস্ট বসানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যেন কেউ গুজব ছড়াতে না পারে, সে জন্য তা শনাক্ত করতে র্যাবের বিশেষ সাইবার টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।
সর্বোপরি ঈদ কেন্দ্রিক ছুটিতে বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৫, রাজশাহী কর্তৃক টহল তৎপরতা বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। একই সাথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও সর্বোচ্চ সতর্ক থাকার বিনীত আহ্বান জানিয়েছেন র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান।