বাসস
  ২৫ মে ২০২৬, ২০:৫৭

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা : রিমান্ড শেষে কারাগারে শিহাব

ঢাকা, ২৫ মে ২০২৬ (বাসস) : রাজধানীর রামপুরায় ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় শিক্ষার্থী মো. শিহাব হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পাঁচ দিনের রিমান্ড শেষে আজ সোমবার শিহাবকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৯ মে রাতে পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে শিহাবকে গ্রেফতার করে পুলিশ। গত ২১ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ মে রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকে ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মো. আব্দুল্লাহ নামে ১০ বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় আব্দুল্লাহর পায়ু পথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখা যায়।

শিশু আব্দুল্লাহকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মা টুকু আরা খাতুন ২০ মে রামপুরা থানায় শিহাবের নামে একটি মামলা দায়ের করেন।