শিরোনাম

রাজশাহী, ২৫ মে, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ঈদ উপহারের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে, নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ১ হাজার ২৩৭ জন কর্মীর হাতে এ উপহার তুলে দেন।
এ সময় ১ হাজার ২৩৭ জন কর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রশাসক রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার প্রদান একটি মানবিক উদ্যোগ। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং তাদের ও তাদের শ্রমের প্রতি সম্মান, ভালোবাসা ও স্বীকৃতি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ইতোমধ্যে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড প্রদান, কৃষিঋণ মওকুফ, খাল পুনঃখনন এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের মতো অনেক নির্বাচনী প্রতিশ্রুতি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করেছেন।
আরসিসি প্রশাসক বলেন, কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, ঈদুল আজহা সুষ্ঠুভাবে উদযাপন, দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রথমবারের মতো নগরবাসীর মধ্যে মাংস সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ সরবরাহ করা হয়েছে এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে রাসিক-এর পরিচ্ছন্নতাকর্মীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
কোহিনুর বেওয়া বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে আমরা খুবই খুশি। আমাদের আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।
তিনি আরও বলেন, এই টাকা দিয়ে পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতে পারব এবং সন্তান-নাতি-নাতনিদের জন্য পোশাক কিনতে পারব।
আরেক কর্মী রুমন আলী বলেন, ঈদের আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই উপহার পেয়ে খুব ভালো লাগছে।
এতে আমাদের পরিবারের ঈদের আনন্দ আরও বেড়ে গেছে। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
কর্মী হাশেম আলী বলেন, আমি ১৫ বছর ধরে কাজ করছি। আগে কখনো এমন ঈদ উপহার পাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ঈদুল ফিতর ও এবার যে ঈদ উপহার দিয়েছেন, তা দিয়ে সংসারের প্রয়োজন মেটাতে ও সন্তানদের জন্য পোশাক কিনতে পারব।
তিনি বলেন, ‘এই আনন্দের কোনো সীমা নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।