শিরোনাম

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর মুগদা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ আঙ্গুরা বেগম (৪৬) ও রহিমা বেগম (২৪) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুগদা থানার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে কতিপয় মাদক কারবারি মাদকের একটি চালান ঢাকা নিয়ে আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালায়। অভিযানে মুগদা থানার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর নারী মাদক কারবারি আঙ্গুরা বেগম ও রহিমা বেগমকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ আশি হাজার টাকা।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।