বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৩

হামে আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ১১৯১

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ১৯১ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে ৯২ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ৩ হাজার ৬৫ জন এবং হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এমন রোগীর সংখ্যা ২০ হাজার ৩৫২ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজার ৪৯৬ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আরও ১৭২ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ সময়ে ঢাকা বিভাগে মোট ৮ হাজার ৭৫৯ জন হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।