বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৮:২৪
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে বিডব্লিউজেএফ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বৃহস্পতিবার তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরামের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : বাসস

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরামের (বিডব্লিউজেএফ) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় তথ্যমন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে প্রতিনিধিদলের সদস্যদের সাথে নারী সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং মানোন্নয়ন নিয়ে কথা বলেন। 

তিনি আঞ্চলিক, জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে নারী সাংবাদিকদের নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি নারী সাংবাদিকদের উন্নয়ন ও বিকাশে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন।

এ ছাড়া মন্ত্রী নারী ও গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে গবেষণা, সভা, সেমিনার ও কর্মশালার আয়োজনের গুরুত্ব নিয়েও কথা বলেন এবং এসব উদ্যোগে পাশে থাকার কথা জানান।

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা মমতাজ বিলকিস বানু ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে আরও ছিলেন বিডব্লিউজেএফ-এর ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভীন (জুনান নাশিত), কোষাধ্যক্ষ শাহনাজ বেগম পলি, সাংগঠনিক সম্পাদক মাসুদা সুলতানা, সদস্য শিরিন সুলতানা ও মাশরেকা মনা। 

উল্লেখ্য, নারী সাংবাদিকদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে ১৯৮৯ সালে বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরাম (বিডব্লিউজেএফ) গঠিত হয়।