শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস): গাজীপুরের পুবাইলে মেসার্স হাবিব ফিলিং স্টেশনে বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফিলিং স্টেশনের নথিপত্রের সঙ্গে তেলের গরমিল পাওয়ায় স্টেশনটির মালিক পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
এতে বলা হয়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি যৌথ আভিযানিক দল পুবাইল এলাকায় অবস্থিত মেসার্স হাবিব ফিলিং স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ওই ফিলিং স্টেশনের সংরক্ষিত নথিপত্রের সঙ্গে সরেজমিনে মজুদকৃত জ্বালানি তেলের পরিমাণ যাচাই করে প্রায় এক হাজার লিটার জ্বালানি তেলের গরমিল পাওয়া যায়।
এ প্রেক্ষিতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিক পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাসুদ আল ফেরদৌসের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের স্বার্থে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এতে আরও বলা হয়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজার অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করতে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।