বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ২০:৩৮

আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস): সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীকে দেখতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে গেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

আজ বুধবার তিনি হাসপাতালে গিয়ে ডা. শংকরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় চিকিৎসকদের সঙ্গেও তিনি বিস্তারিত আলোচনা করেন। ডা. শংকরের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

হাসপাতালে উপস্থিত হয়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, দদেশের যে কোনো দুর্যোগ, মহামারি কিংবা সংকটময় পরিস্থিতিতে চিকিৎসকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সবার আগে দায়িত্ব পালন করেন। তাই চিকিৎসকদের নিরাপত্তা এবং তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এসময় উপস্থিত ছিলে- ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ, আইসিইউ ইনচার্জ ও সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ।

গত ১২ এপ্রিল দেশে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় হাম-রুবেলা গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. শংকর প্রসাদ অধিকারী। প্রথমে তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তার অবস্থা এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।