শিরোনাম

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে সুবুজ ও ফুলেল সৌন্দর্যে নান্দনিক রূপ ফিরে পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ফুটপাত।
দীর্ঘদিনের অবৈধ দখল, ময়লা-আবর্জনা আর দুর্গন্ধের স্মৃতি মুছে সেখানে এখন শোভা পাচ্ছে সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ আর দেয়াল জুড়ে বৈচিত্র্যময় গ্রাফিতি।
আজ দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম ঢামেক সংলগ্ন ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রশাসক বলেন, রাজধানী ঢাকা বাংলাদেশের প্রতিকিৃতি। একে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা আমাদের সবার দায়িত্ব। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মানসিক স্বস্তি নিশ্চিত করতেই আমরা এই নান্দনিক পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছি। সকলের যৌথ প্রচেষ্টায় আমরা এই সুন্দর পরিবেশ দীর্ঘমেয়াদে সংরক্ষণ করতে চাই।’
হকার ব্যবস্থাপনা ও জনভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনভোগান্তি দূর করার পাশাপাশি হকার পুনর্বাসনের উদ্যোগও গ্রহন করা হয়েছে। তবে সেটি হবে নিয়মের মধ্যে। ফুটপাতে অস্থায়ী ব্যবসা করতে হলে সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিতে হবে। সে লক্ষ্যে এলাকা ভিত্তিক হকারদের তালিকা তৈরির কাজ চলছে। তালিকা তৈরির কাজ শেষ হলে নির্দিষ্ট এলাকায়, নির্ধারিত সময়ে ও নির্দিষ্ট সংখ্যক হকারকে ব্যবসা করার অনুমতি দেয়া হবে। এছাড়া হলিডে মার্কেট ও নৈশকালীন মার্কেট চালুর পরিকল্পনাও করা হচ্ছে। আমরা কাউকে উচ্ছেদ নয়, পুনর্বাসন করতে চাই।’
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ও ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে এই পাইলট প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাররম ভবন থেকে চানখাঁরপুল পর্যন্ত প্রায় ১৩৫০ ফুট এলাকা জুড়ে নান্দনিক গ্রাফিতি অঙ্কন করা হয়েছে, ৫৫০টি ফুলের টব এবং ৬৫০টি সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়েছে। এছাড়া, হাসপাতালের রোগীর অপেক্ষমান স্বজনদের জন্য ৫০টি বসার আসন এবং পাহাড়ের আদলে ২টি দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে।