শিরোনাম

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি। বর্তমান বিশ্বে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। এখন শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, শিল্প— প্রতিটি ক্ষেত্রে এআই নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।
আজ বুধবার সাভারে যুব উন্নয়ন একাডেমিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ : যুব সমাজের উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান এবং যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ সেলিম খান এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এআই-নির্ভর প্রশিক্ষণ সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। আমরা চাই বাংলাদেশও সেই ধারায় এগিয়ে যাক। আমাদের নিশ্চিত করতে হবে, এআই যেন অন্তর্ভুক্তিমূলক হয়। নারী ও প্রান্তিক জনগোষ্ঠী যেন এর সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং এআই ব্যবহারে যেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
কর্মশালায় সারা দেশের মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের মধ্যে ৮ জন নারী ও ৫২ জন পুরুষ।