বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৭:৩০

চলন্ত লঞ্চে মুমূর্ষু শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : চলন্ত লঞ্চ থেকে ৯৯৯ নম্বরে ফোনকলে সাত মাস বয়সী মুমূর্ষু শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে কোস্ট গার্ড। গত সোমবার ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চে এ ঘটনা ঘটে।

আজ বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার একথা জানান।  

আনোয়ার সাত্তার জানান, ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চের যাত্রী সাত মাস বয়সী এক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় লঞ্চে সহযাত্রী একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে এই তথ্য জানিয়ে দ্রুত মেডিক্যাল ও উদ্ধার সহায়তার জন্য অনুরোধ জানান। ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা এবং উদ্ধারের জন্য বাংলাদেশ কোস্ট কার্ড নিয়ন্ত্রণ কক্ষে জানানো হয়। 

তিনি বলেন, সংবাদ পেয়ে নারায়ণগঞ্জের পাগলা থেকে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল জরুরি চিকিৎসা সহায়তাসহ রওনা দেয়। মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চটিতে থাকা মুমূর্ষু শিশুটিকে অক্সিজেন সহায়তা দেওয়া হয়। এরপর অসুস্থ শিশুটিকে কোস্ট গার্ডের দ্রুতগামী স্পিডবোটে করে সদরঘাটে পৌঁছে দেওয়া হয়। পরবর্তীতে সদরঘাট থেকে অ্যাম্বুলেন্সে করে কুমির্টোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি কুমির্টোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।