বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৭:০০
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৭:০৯

যাত্রাবাড়ীতে পারভেজ হত্যা মামলা : মুন্না ও কামরুল রিমান্ডে

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যাত্রাবাড়ী থানার সাধারণ সম্পাদক হারুন আর রশীদ মুন্না ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। 

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানা এলাকায় মো. পারভেজ মিয়া নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আজ বুধবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনে অংশ নেন মো. পারভেজ মিয়া। ওইদিন বিকেল ৫ টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২০২৪ সালের ২৯ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা হয়।