বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৬:৪৯

রাজধানীর যাত্রাবাড়ী থেকে সিরিয়াল রেপিস্ট রাব্বি গ্রেফতার

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থেকে ধারাবাহিক যৌন সহিংসতা অপরাধী (সিরিয়াল রেপিস্ট) রাশেদুল ইসলাম রাব্বিকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার হেফাজত থেকে পাঁচজন ভিকটিমের পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। 

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী। 

এর আগে, সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার দনিয়া কলেজের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, আমরা মোট ১০টি অভিযোগ পেয়েছি। সবগুলো অভিযোগ একই ধরনের। সব ভিকটিম মিরপুর এলাকার। সে ভিকটিমদের সঙ্গে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফির কাজ করেছে। আমরা বাংলাদেশে এ ধরনের ঘটনা সচরাচর দেখি না। প্রথম কাকে দিয়ে এ ঘটনা শুরু হয়েছিল, সে পর্যন্ত আমরা এখনো পৌঁছাতে পারিনি।

তিনি বলেন, আসামি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেইক আইডি  খোলে করে এবং মেয়ে কন্ঠে কথা বলে একজন ভিকটিমের কাছ থেকে কৌশলে তার মোবাইলটি নিজের নিয়ন্ত্রণে নেয়। এরপর ওই ফোনে লগইন করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সিম ব্যবহার করে নারী কণ্ঠে কথা বলে ভিকটিমের বন্ধু তালিকায় থাকা কতিপয় স্কুল ও কলেজের ছাত্রীদের টার্গেট করতো। নারী কণ্ঠে কথা বলে গভীর বন্ধুত্ব গড়ে তোলার পর উপহার আদান-প্রদানের কথা বলে ভিকটিমদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ে একটি নির্মাণাধীন ভবনের ৫ম তলায় নিয়ে আসত। সেখানে ভিকটিমদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ এবং সেই নগ্ন দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখতো। পরবর্তীতে ভিকটিমদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতো। ধারণকৃত নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বা পর্ন সাইটে আপলোড করার হুমকি দিয়ে সে ভিকটিমদের পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করতো এবং নিয়মিত টাকা আদায় করতো।
ডিসি জানান, শুক্রবার দুপুরে এক মেয়ে ভিকটিমকে ফ্যামিলি মিট-আপের কথা বলে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায় রাব্বি। সেখানে পৌঁছানো মাত্রই তাকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন করে ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই নগ্ন ভিডিও ডার্ক পর্ন সাইট ও টেলিগ্রামে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে শারীরিক সম্পর্কের জন্য নিয়মিত চাপ দিতে থাকে। পরবর্তীতে রাব্বি প্রথম ভিকটিমের মোবাইল ব্যবহার করে তার ফ্রেন্ড লিস্টে থাকা অপর এক ভিকটিমকে টার্গেট করে। গত সোমবার পোশাক ডেলিভারি দেওয়ার কথা বলে দ্বিতীয় ভিকটিমকে যাত্রাবাড়ীর গোয়ালবাড়ি মোড় সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় ডেকে নেয়। সেখানে তাকে দুই ঘণ্টা আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং তার মোবাইল ও নগদ টাকা লুটে নেওয়া হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অন্য আরেক ভিকটিমকে শ্লীলতাহানির চেষ্টা করে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের মোবাইল ফোন, নগদ অর্থ এবং স্বর্ণালংকার হাতিয়ে নেয়। 

যাত্রাবাড়ী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গত সোমবার দনিয়া কলেজের সামনে অভিযান পরিচালনা করে রাশেদুল ইসলাম রাব্বিকে গ্রেফতার করে। 

রাশেদুল ইসলাম রাব্বির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বর্তমানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।