শিরোনাম

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস): চলতি বছরের মার্চে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালতের ১২টি আদেশের মাধ্যমে ২৮ কোটি ৫১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক জানায়, মার্চে পাওয়া আদালতের মোট ১২টি আদেশের ভিত্তিতে এসব সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে আদালতের ৫টি আদেশে ক্রোককৃত সম্পদের মূল্য ১৫ কোটি ৬৪ লাখ ৯২ হাজার ৬০৫ টাকা।
ক্রোককৃত সম্পদের মধ্যে রয়েছে, ১৭ একর জমি, একটি ভবন, একটি টিনশেড বাড়ি, তিনটি ফ্ল্যাট, একটি পুকুর, চারটি বাণিজ্যিক স্পেস এবং একটি বাড়ি।
অন্যদিকে, আদালতের ৭টি আদেশে অবরুদ্ধকৃত আর্থিক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৫০৮ টাকা ৬৪ পয়সা। এর মধ্যে রয়েছে ৭৪টি ব্যাংক হিসাব, ৮টি সঞ্চয়ী হিসাব, ১টি চলতি হিসাব, ৩টি ক্রেডিট কার্ড, ২টি এমএসডি, ১টি এসবি হিসাব, ৫টি এফডিআর, ২টি বিও হিসাব, ১টি সঞ্চয়পত্র ও ৪টি মেয়াদি আমানতসহ আর্থিক উপকরণ।
সব মিলিয়ে ক্রোক ও অবরুদ্ধকৃত সম্পদের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৫১ লাখ ৮০ হাজার ১১৩ টাকা।
দুদক জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী এসব সম্পদের বিস্তারিত তালিকা কমিশনের নিকট উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট শাখা থেকে প্রেরণ করা হয়েছে।