বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ১৮:৪৮

নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের

ছবি : বাসস

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশি কৃষ্টি-সংস্কৃতির উৎসবমুখর উদযাপনের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বৈশাখী উৎসব ১৪৩৩’ আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী এ উৎসব চলছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী তামী প্রমুখ।

বৈশাখী উৎসবের মূল আকর্ষণ হিসেবে এ সময় ঐতিহ্যবাহী পুতুলনাচ, লাঠিখেলা, বায়োস্কোপ, নাগরদোলা এবং বাউল গান ও জারি-সারি গানের আয়োজন করা হয়।

এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, “আমাদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি কালচার রয়েছে। এগুলো শেষ হবার না। আমাদের হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতিকে আবারও নতুন রূপে ঢাবির বুকে প্রতিষ্ঠা করতে চাই।”

তিনি আরও বলেন, ‘ইট-কাঠের বাইরেও একটি আলাদা জগৎ রয়েছে। সেটিকেই আমরা শিক্ষার্থীদের সাথে নতুন করে মেলবন্ধন ঘটাতে চাই। আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করানোর জন্যই আজকের এই আয়োজন।’