বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ১৫:৫৪

নাসির আলী মামুনের ৬৭তম একক আলোকচিত্র প্রদর্শনী

ছবি : বাংলা একাডেমি

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলা একাডেমিতে উদ্বোধন করা হয়েছে বিশিষ্ট আলোকচিত্রী, একুশে পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমির ফেলো নাসির আলী মামুনের ৬৭তম একক আলোকচিত্র প্রদর্শনী ‘স্মৃতি-বিস্মৃতির মুখচ্ছবি’।

আজ মঙ্গলবার সকালে বাংলা একাডেমির নজরুল মঞ্চে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, নাসির আলী মামুনের নাম দেশের শিক্ষিত সমাজে সুপরিচিত। দেশের বাইরে থাকা বাঙালিরাও তার কাজের সঙ্গে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি গুরুত্বপূর্ণ আলোকচিত্র সংগ্রহ, সংরক্ষণ ও প্রযোজনার মাধ্যমে একটি ঐতিহাসিক ভিজ্যুয়াল আর্কাইভ গড়ে তুলছেন।

তিনি বলেন, বিভিন্ন লেখক ও সাহিত্যিকের আলোকচিত্র সংরক্ষণের মাধ্যমে নাসির আলী মামুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান ভা-ার তৈরি করছেন। এ উদ্যোগ তরুণদের মধ্যে সাহিত্যিকদের প্রতি নতুন করে আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করবে।

স্বাগত বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, নাসির আলী মামুন বহু আগেই দেশের মানুষের কাছে সুপরিচিত হয়ে উঠেছেন। ব্যক্তিগতভাবে তিনি গত তিন দশক ধরে তার বিখ্যাত প্রতিকৃতিগুলোর সঙ্গে পরিচিত। ‘কিংবদন্তি আলোকচিত্রী’ উপাধি পাওয়ার পরও তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তার কাজ বাংলাদেশের আলোকচিত্র চর্চাকে সমৃদ্ধ করছে।

উল্লেখ্য, ১৪ এপ্রিল শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। বাংলা একাডেমির বর্ধমান হাউজে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের প্রখ্যাত প্রয়াত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক ও কথাশিল্পীদের শতাধিক আলোকচিত্র স্থান পেয়েছে। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিছু দুর্লভ আলোকচিত্রও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।