বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ১৫:৩৭

চবিতে শিক্ষার্থীদের সঙ্গে ‘বলি খেলা’ উপভোগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

চবি শিক্ষার্থীদের সঙ্গে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘বলি খেলা’ উপভোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি: বাসস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘বলি খেলা’ উপভোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আজ (মঙ্গলবার) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় জাদুঘরের সামনে আয়োজিত এই খেলা উপভোগ করেন তিনি। এসময় তীব্র রোদ উপেক্ষা করে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ও উত্তেজনা ভাগ করে নেন তিনি।

খেলা শেষে প্রতিমন্ত্রী বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ মুহূর্তে উৎসব চলছে। অনেক ভীড়। বিভিন্ন ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়েছে। এটা দেখে খুব ভালো লাগছে।

ছোটবেলা থেকেই চট্টগ্রামের লালদিঘীর মাঠে বলি খেলা দেখতে যেতেন বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের সঙ্গে রোদে দাঁড়িয়ে খেলা উপভোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা রাজপথে বলি খেলেই নির্বাচনের মাধ্যমে আজ এখানে এসেছি।’

সেখানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) থেকে জারুলতলা পর্যন্ত বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। 

এরপর বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চ, মুক্ত মঞ্চ, বুদ্ধিজীবী চত্বর ও চাকসু প্রাঙ্গণে শুরু হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বলি খেলা, কাবাডি, পুতুলনাচ ও বউছি খেলা।

দুপুর ৩টা থেকে বৈশাখী মঞ্চ জারুলতলায় শুরু হয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। এর মধ্যে থাকছে জাতীয় সংগীত, বৈশাখের গান, নৃত্য ও লোকজ পরিবেশনা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।

এছাড়া দিনব্যাপী আয়োজনে থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জীবনধারা নাগরদোলা, পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও বায়োস্কোপ প্রদর্শন।

শুধু তাই নয়, বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে দু’দিনব্যাপী ‘বৈশাখী উৎসব ও উদ্যোক্তা মেলা’র আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও ‘কারুবীথি’।

সকাল ৯টা থেকে বুদ্ধিজীবী চত্বরে শুরু হয়েছে এই মেলা। চলবে আগামীকাল বুধবার রাত ৮টা পর্যন্ত।