শিরোনাম

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : মুন্সিগঞ্জে যাত্রীবাহী একটি লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।
আজ সোমবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার এক মহিলা তার অসুস্থ শিশুকে(৬) নিয়ে উন্নত চিকিৎসার জন্য এম ভি কর্ণফুলি-৩ লঞ্চ যোগে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লঞ্চটি দুপুর ১টায় মোহনপুর সংলগ্ন এলাকায় পৌঁছলে অক্সিজেনের অভাবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং জীবনের ঝুঁকি দেখা দেয়।
তৎক্ষণাৎ লঞ্চে উপস্থিত শিশুর দাদা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ বিষয়টি জানান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন, পাগলা থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিডবোটযোগে দ্রুত ওই লঞ্চে পৌঁছায় এবং শিশুটিকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়।
এতে আরও বলা হয়, পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের বোট যোগে সদরঘাটে আনা হয় এবং সিভিল অ্যাম্বুলেন্সযোগে শ্যামলীতে মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।