শিরোনাম

রংপুর, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস): রংপুর সিটি কর্পোরেশনের (আরপিসিসি) প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন, আমরা রংপুর নগরীতে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সিটি কর্পোরেশনের টেকসই উন্নয়ন সাধনে সীমিত সম্পদ নিয়ে যথাসম্ভব কাজ করে যাচ্ছি।’
আজ সোমবার বিকেলে আরপিসিসি প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরপিসিসিআই)-এর নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রংপুর নগরীতে ব্যবসা-বাণিজ্য প্রসারের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরপিসিসি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন রংপুর নগরীর টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সকলের সাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য আমাদের নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে, যানজট কমাতে হবে, বাজার ব্যবস্থাপনার উন্নতি করতে হবে এবং নগরীতে ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে।’
সভায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. এমদাদ হোসেন, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ, পরিচালক মো. কামাল হোসেন, খেমচাঁদ সোমানী রবি ও রাশিদুস সুলতান বাবলুসহ শিল্পপতি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আরপিসিসিআই-এর নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা নগরীতে ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে এবং তাদের সুবিধা বাড়াতে রংপুর সিটি কর্পোরেশন প্রশাসকের সহযোগিতা কামনা করেন।
এ সময় সিটি কর্পোরেশন প্রশাসক, আরপিসিসিআই-এর নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা রংপুর নগরীর টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একযোগে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন আরপিসিসিআই-এর নেতৃবৃন্দকে জানান, রংপুর সিটি কর্পোরেশন দেশের সবচেয়ে অবহেলিত একটি নগরী। অতীতে এই সিটি কর্পোরেশনের উন্নয়ন বরাদ্দ ছিল শূন্য। এই শহরে প্রায় দশ লাখ মানুষ বাস করেন। সীমিত জনবল ও সক্ষমতা নিয়ে তাদের নাগরিক সেবা নিশ্চিত করার কাজ চলছে। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।