শিরোনাম

টাঙ্গাইল, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস): ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম আজ জেলার শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন করেছেন।
আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানকে সামনে রেখে প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি এই পরিদর্শন করেন।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান উপস্থিত ছিলেন।
ফকির মাহবুব আনাম বলেন, কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ, যা দেশের কৃষি খাতকে আরও গতিশীল করবে এবং উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করবে।
জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
পরিদর্শন শেষে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি বিষয়ে কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
কৃষকদের ডিজিটাল পরিচয় নিশ্চিত করা এবং সরকারি সেবা সহজলভ্য করতে এই কৃষক কার্ডকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।