বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৮:২৬

কর্মসংস্থান বৃদ্ধি করতে বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি পাট প্রতিমন্ত্রীর আহ্বান

আজ দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। ছবি: পিআইডি

 ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস): বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম দেশের কর্মসংস্থান বৃদ্ধি ও উৎপাদনশীল খাতকে বেগবান করতে বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আজ দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে এ আহ্বান জানান। 

মো. শরীফুল আলম বলেন, ‘সরকার দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। আগামীতে দেশি-বিদেশি বিনিয়োগকারীর মাধ্যমে বন্ধ থাকা মিল চালু করা হবে। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদেশ থেকে বিনিয়োগ আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত যারা মিল লিজ নিয়েছেন, সেখানে অনেক পরিমাণে জমি পড়ে আছে, অব্যবহৃত জমিতে বেশি করে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের সঙ্গে কর্মসংস্থান বাড়াতে হবে। এতে দেশে উৎপাদন খাত শক্তিশালী হবে, যা অর্থনীতির জন্য সহায়ক হবে। 

এ সময় আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী পাট শিল্পের উন্নয়নে সরকারের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং বন্ধ মিল চালু করার টেন্ডার প্রক্রিয়াকেও সাধুবাদ জানান। 

বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনর অধীনে থাকা ২৫টি পাটকলের কার্যক্রম ২০২০ সালে বন্ধ ঘোষণা করা হয়। 

পরবর্তীতে ২০টি মিল লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে ১৪টি মিল ইতোমধ্যে লিজ দেওয়া হয়েছে। তার মধ্যে চালু থাকা ৯টি মিলে দৈনিক প্রায় ১০০ মেট্রিক টন পণ্য উৎপাদন হচ্ছে।