বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ২১:১৩

ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ায় ২ মাসের কারাদণ্ড

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস): আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারী বাবুকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর ও অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। অন্যদিকে দণ্ডিত এম এইচ পাটোয়ারী বাবু আদেশের সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

এম এইচ পাটোয়ারী বাবু নামের ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে আদালত অবমাননাকর অভিযোগ তোলা হয়। এই ফেসবুক পোস্টকে ‘বিভ্রান্তিকর’ ও ‘আদালত অবমাননাকর’ উল্লেখ করে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে গত ৮ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এম এইচ পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। সেই সঙ্গে ওই ফেসবুক পোস্টে লাইক, শেয়ার ও অবমাননাকর মন্তব্যকারী ব্যক্তিদের গ্রেফতার ও তাদের ডিভাইস জব্দের নির্দেশ দেওয়া হয়।