বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৮:৫৫
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৯:০০

হামে আরও চারজনের মৃত্যু, আক্রান্ত ১২৬৮

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : গত ২৪ ঘন্টায় দেশে হামে আরও চারজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও ছয়জন এ রোগে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে ১২৬৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ১৫০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ২ হাজার ৬৩৯ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৫৩ জন।  

গত ১৫ মার্চ এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে ১৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোটা আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬৫৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৭৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।