বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৮:২২

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে : চসিক মেয়র 

ছবি : বাসস

চট্টগ্রাম, ১২ এপ্রিল ২০২৬ (বাসস): নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ, শৃঙ্খলিত ও জনবান্ধব করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও ৭৮টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (১২ এপ্রিল) নগরীর ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডস্থ নিউ মনসুরাবাদ এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মেয়র এসব তথ্য জানান।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের “বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় নগরজুড়ে পরিকল্পিতভাবে এসব ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে।

তিনি জানান, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৪টি ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, ১৫টির কাজ চলমান রয়েছে এবং ১৭টির টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান। এসব ব্রিজ বাস্তবায়নের মাধ্যমে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

মেয়র বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একে খান গেইটের নিকটবর্তী হওয়ায় এই ফুটওভার ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্মিত হলে দূরপাল্লার যাত্রী, স্থানীয় জনগণ এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারে সহায়ক হবে। বিশেষ করে ১০ নং উত্তর কাট্টলী ও ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বাসিন্দারা এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন ও আবু সাদাত তৈয়ব, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও তাসমিয়া তাহসিন, সহকারী প্রকৌশলী সজীব রেজা হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় এলাকাবাসী।