শিরোনাম

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ নবজাতক হাসপাতালে হাম-আক্রান্ত পথশিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইসিইউ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম অডিটরিয়ামে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আইসিইউ সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রধান পর্ব ছিল ‘পরিত্যক্ত নবজাতক সুরক্ষায় বাংলাদেশ: বাস্তবতা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা।
এতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, পরিত্যক্ত নবজাতকদের নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও নাগরিক উদ্যোগের সমন্বিত কার্যক্রম জরুরি। এ বিষয়ে বর্তমান সরকার পরিকল্পনা প্রণয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, পথশিশুদের জন্য বাংলাদেশ নবজাতক হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে মিজেলস (হাম) আইসিইউ উদ্বোধনের মাধ্যমে গুরুতর অসুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জরুরি নিবিড় চিকিৎসা সেবা নিশ্চিত করার একটি মানবিক ও জনস্বাস্থ্যভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তোলার সূচনা করা হলো। এ উদ্যোগ শুধু আর্ত মানবতার সেবায় স্থাপিত একটি দৃষ্টান্ত নয়, এটি হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের প্রজেক্ট ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ চিকিৎসার সূচনা।
শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।
প্রধান বক্তা হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক সমাজের সবচেয়ে অসহায় শিশুদের সুরক্ষায় সরকার ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, পরিত্যক্ত নবজাতকদের সুরক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় এবং এ ধরনের উদ্যোগের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় পুরস্কারের দাবিদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। তিনি পথনবজাতকদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পরিত্যক্ত শিশুদের পুনর্বাসন কার্যক্রমকে আরও বিস্তৃত করা সময়ের দাবি।
অনুষ্ঠানে তিনজন পথনবজাতক- ফালাক, আনাবিয়া ও মিনহাকে আনুষ্ঠানিকভাবে স্নেহময় পালক পরিবারের কাছে হস্তান্তর করা হয়, যা উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের আবেগাপ্লুত করে।
সভাপতির বক্তব্যে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান বলেন, একটি শিশুকে বাঁচানো মানে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎকে রক্ষা করা। এ লক্ষ্যে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন বাংলাদেশে পরিত্যক্ত ও অজ্ঞাত পরিচয় নবজাতকদের উদ্ধার, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনে কাজ করে যাচ্ছে।
এ সময় অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান পথশিশুদের জন্য চালু হওয়া বিনামূল্যের মিজেলস (হাম) আইসিইউ সেবাকে আরও কার্যকর করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের কাছে সরকারের পক্ষ থেকে তিনটি আইসিইউ ভেন্টিলেটর মেশিন স্থাপনের অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বুলেটিনের ব্যবস্থাপনা সম্পাদক এ কে এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবীর মঞ্জু, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল হক, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, আশুলিয়া ওমেন এন্ড চিল্ড্রেন হাসপাতালের একাডেমিক পরিচালক ও পেডিয়াট্রিক বিভাগের প্রধান প্রফেসর ডা. সুফিয়া খাতুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। ‘পথনবজাতকেরা আপনজন, হবে না কোন বিভাজন’ -এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত র্যালিতে অংশগ্রহণকারীরা সমাজে সহমর্মিতা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।