বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৬:৪১

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন ফরম সংগ্রহের আজ শেষ দিন

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ।

দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সকাল ১০টা থেকে তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।

দলীয় সূত্রে জানা যায়, গত দুই দিনে মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।

মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীরা আশা প্রকাশ করে বলেছেন, গত দেড় যুগ ধরে গ্রেফতার, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, দল তাদেরকেই মূল্যায়ন করবে।

নির্বাচিত হলে তারা সংসদে নারীর অধিকার, গণতন্ত্র ও জনগণের পক্ষে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও জানান।

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা এবং সংসদে কথা বলার দক্ষতা রয়েছে ও সমাজে যাদের সুনাম আছে, দল তাদেরকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে।

তিনি আরও বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফেসবুকে স্বাধীন মতামত প্রকাশ করায় অনেককে গ্রেফতার করা হয়েছে। তারা নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। তাই দল আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা, সংসদে কথা বলার দক্ষতা থাকা ও সমাজে সুনাম থাকা ব্যক্তিদেরই বাছাই করে যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের অগ্রাধিকার দেবে।

এর আগে, গত (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে, বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।