শিরোনাম

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আজ রোববার সকালে রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এছাড়া ইউনিসেফ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমানুয়েল আব্রিউক্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ড. রাজেশ নারোয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় মোট ৪ লাখ ২ হাজার ৪৫৬ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য সিটি কর্পোরেশন এলাকায় ৫৪০টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৯০টি স্থায়ী এবং ৪৫০টি অস্থায়ী। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। ১২ এপ্রিল থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত মাসব্যাপী এ কার্যক্রম চলবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্ভব।
তিনি জানান, ইতোমধ্যে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় কর্মসূচি শুরু হয়েছে এবং আজ থেকে ঢাকা দক্ষিণসহ চারটি সিটি কর্পোরেশনে একযোগে এ কার্যক্রম চালু হলো।
তিনি আরও বলেন, মহাখালী সংক্রামক রোগ হাসপাতালে দ্রুত আইসিইউ ইউনিট চালু করা হয়েছে এবং এ ক্ষেত্রে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, হামের প্রকোপ বৃদ্ধি পাওয়া উদ্বেগজনক এবং সরকার এ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি গণমাধ্যমকে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে তারা বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে মাঠ পর্যায়ে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রতাপ চন্দ্র বিশ্বাসসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে।
উদ্বোধন শেষে ডিএসসিসি প্রশাসক ও প্রতিমন্ত্রী খিলগাঁও নগর মাতৃসদন কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।