বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ২০:৪১

রাজধানীতে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন করলেন সড়ক প্রতিমন্ত্রী

ছবি : বাসস

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আজ রাজধানীতে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের ছয় তলাবিশিষ্ট নতুন স্কুল ভবনের উদ্বোধন করেছেন।

পরে তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে তিনি এ এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং নির্বাচনের পর এটি তার এই প্রতিষ্ঠানে প্রথম আসা। এ সময় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের সমর্থনই তাকে দেশের উন্নয়ন কার্যক্রমে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করছে।

হাবিবুর রশিদ বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ প্রতিষ্ঠানে পদার্পণ করেছিলেন, যা এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি গৌরবময় ইতিহাস। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। 

রেলপথ প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি দেশ। এই দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। 

এসময় তিনি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন, হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন কার্যক্রমে সরকার সবসময় পাশে থাকবে এবং এলাকার জনগণের সহযোগিতায় এ প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।