বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৭:৩৪

চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটসংলগ্ন শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটে। ছবি: বাসস

চট্টগ্রাম, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস): চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটসংলগ্ন শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আজ শনিবার (১১ এপ্রিল) সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই স্টেশনের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের আগুন বর্তমানে সম্পূর্ণ নিভে গেছে জানিয়ে ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, তাদের ফায়ার ফাইটাররা ধোঁয়ার মধ্যে মার্কেটের অভ্যন্তরে কাজ করছেন। কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হতে ফায়ার সার্ভিসের কিছুটা সময় লাগবে বলে তিনি জানান।