বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৬:২৮

র‌্যাবের অভিযানে অবৈধভাবে মজুত ৫০ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার

ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : কৃত্রিম সংকট প্রতিরোধে দেশব্যাপী পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রায় ৫০ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ভোজ্যতেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানায়, ১০ এপ্রিল সারাদেশে মোট আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে অবৈধ মজুতের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব আরো জানায়, মজুতদার ও কালোবাজারিদের বাজার কারসাজি রোধে সম্প্রতি সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী মোজারটেক বাজার, সদরঘাট ও মেডিকেল রোডসহ বিভিন্ন এলাকায় ছয়টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আবাসিক ফ্ল্যাট ও ব্যক্তিগত গুদামসহ বিভিন্ন অবৈধ স্থাপনা থেকে ৪৫ হাজার ৫৪৯ লিটার অকটেন, পেট্রোল, ডিজেল ও ভোজ্যতেল উদ্ধার করা হয়।

অবৈধ মজুত, অগ্নি নিরাপত্তার ঘাটতি এবং অস্বাস্থ্যকর উৎপাদন পরিবেশের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেড় হাজার লিটার মেয়াদোত্তীর্ণ তেল জব্দ করা হয়েছে।

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৭০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জন ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

ফরিদপুরের কোতয়ালী এলাকায় একটি পেট্রোল পাম্পের মালিককে অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, অতিরিক্ত জ্বালানি বহনের দায়ে একজন মোটরসাইকেল আরোহীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, অবৈধ অস্ত্র বাণিজ্য, মাদক পাচার, ডাকাতি, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এছাড়া নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, মোবাইল কোর্ট এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।

অবৈধ মজুত ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করে এমন যেকোনো কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে র‌্যাব।