বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৪:৫৫

খাগড়াছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১৪শ’ রাউন্ড গোলাবারুদ জব্দ

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস): খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম বৌদ্ধমনি পাড়া কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪শ’ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল (শুক্রবার) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি টহলদল বৌদ্ধমনিপাড়ার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়। সেসময় দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তিকে আসতে দেখে সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবি টহলদল। 

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায় ওই ব্যক্তিরা। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৪শ’ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রী নিয়ে বিওপিতে ফেরার পথে শতাধিক সন্ত্রাসী বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে। খবর পেয়ে পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে আরও দুটি টহলদল দ্রুত রওনা হয়। খবর পেয়ে সন্ত্রাসীরা ধীরে ধীরে চলে যায়।

পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক রবিউল  ইসলাম বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। 

তিনি জানান, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ও চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে অবৈধ কার্যক্রম বৃদ্ধির চেষ্টা করলেও বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদারের মাধ্যমে এসব কার্যক্রম দমন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।