বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৩:৩৭

মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন আমান উল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। ফাইল ছবি

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার কেরানীগঞ্জে আয়োজিত “মানসম্মত শিক্ষা, উজ্জ্বল ভবিষ্যৎ, কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মেধা পুরস্কার” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। 

এ সময় আমান উল্লাহ আমান আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তি নিজের জীবন নষ্ট করার পাশাপাশি পরিবারকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। 

তাই শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে থাকার পাশাপাশি পরিবারকেও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি।

গণতন্ত্র প্রসঙ্গে ঢাকা-২ আসনের সংসদ সদস্য বলেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে।

আমান উল্লাহ আমান আরও বলেন, বিগত বছরগুলোতে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি এবং নানা অনিয়মের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করে তিনি বলেন, তাদের রক্তের বিনিময়েই আজকের বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠেছে। 

কেরানীগঞ্জের শহীদ রিয়াজসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সাবেক এই মন্ত্রী।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, খালেদা জিয়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি চালুর মাধ্যমে তাদের এগিয়ে নেওয়ার পথ সুগম করেছেন।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করছেন।

ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও সহায়তা কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে আমান উল্লাহ আমান বলেন, বর্তমান প্রজন্মের মধ্যে বিপুল মেধা ও সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে তারা ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে সক্ষম হবে। 

তিনি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণ এবং বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, বড়দের প্রতি সম্মান ও নিয়মিত পড়াশোনার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ছাত্রজীবনই জীবনের সেরা সময়। এ সময় শৃঙ্খলা, নৈতিকতা ও মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। 

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান আরও বলেন, বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি স্নেহ প্রদর্শনের মাধ্যমে একটি সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।

কেরানীগঞ্জকে চাঁদাবাজি ও ভূমি দখলমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

পরিবেশ সংরক্ষণ ও স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবার ও দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা সম্ভব। 

তিনি প্রত্যেক পরিবারকে গাছ লাগানোর আহ্বান জানান এবং ভবিষ্যতের কথা বিবেচনায় পরিকল্পিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।

এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, পরিচ্ছন্নতা শুধু অভ্যাস নয়, এটি একটি সামাজিক দায়িত্ব।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। 

এ ছাড়া শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।