শিরোনাম

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আগামীকাল দুই দিনের সরকারি সফরে রাজশাহী, দিনাজপুর ও নীলফামারী জেলায় যাচ্ছেন।
আগামীকাল শনিবার সকালে রাজশাহীতে পৌঁছে এ সফরের কার্যক্রম শুরু হবে।
সফরের উদ্দেশ্য নিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহীর তথা দেশের ঐতিহ্যবাহী রেশম শিল্পের বিকাশ এবং বস্ত্র ও পাট শিল্পের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার।
দারিদ্র্য হ্রাস ও অর্থনীতি সমৃদ্ধ করা সরকারের অন্যতম প্রতিশ্রুতি। এ শিল্পের উন্নয়ন হলে গ্রামীণ কর্মসংস্থানের উন্নতি আসবে, অর্থনীতির জন্য ভালো হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ মার্চ সচিবালয়ে দেশের রেশম শিল্পের উন্নয়নের লক্ষ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাথে সভা করেন ও এর লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন কর্মকৌশল ও দিকনির্দেশনা দেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ উন্নত করার লক্ষ্যে স্থানীয় সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর তত্ত্বাবধান করবে।
পরের দিন রোববার সকালে দিনাজপুর টেক্সটাইল মিল এবং নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল ও ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস লি. এর কার্যক্রম পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী শরীফুল আলম।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে থাকবেন।