বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ১৯:১৪

দেশব্যাপী ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র‌্যাবের কঠোর পদক্ষেপ গ্রহণ

ছবি: সংগৃহীত

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশব্যাপী ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি বাজারে অস্থিরতা সৃষ্টিকারী অসাধু মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।  

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গতকাল ৯ এপ্রিল র‌্যাবের দেশব্যাপী অভিযানে ২০টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুত চিহ্নিত করার পাশাপাশি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন। 

র‌্যাব ফোর্সেস মোবাইল কোর্ট পরিচালিত এলাকাসমূহের মধ্যে - গতকাল ৯ এপ্রিল ফেনী জেলার ইসলামপুর রোড এলাকায় অবৈধ ভোজ্যতৈল মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ভোজ্য তেলের গুদাম ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা করে র‌্যাব। 

এছাড়া রাজধানীর পল্টন, শান্তিনগর, নয়াপল্টন ভাষানীগলি এলাকা এবং পুরানা পল্টন এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ীদের অতিরিক্ত তেল মজুত ও অতিরিক্ত মূল্য আদায় না করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়।

অভিযানে যশোর জেলার কোতোয়ালি থানায় মেসার্স নওয়াব মিলকে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

রংপুরে ভোজ্যতেলের মূল্যের ঊর্ধ্বগতি, বাজার মনিটরিং ও অবৈধ মজুদদারি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দু’টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাভার থানাধীন বিভিন্ন এলাকাসহ রাজধানীর পল্লবী, শাহ আলী এবং কক্সবাজারে র‌্যাবের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ভোজ্য তেলের মজুত সংক্রান্ত কোন সুনির্দিষ্ট অনিয়ম না থাকায় দোকানে ভোজ্য তেলের অতিরিক্ত মজুত না করার নির্দেশ দেওয়া হয়। 

শ্যামপুর থানাধীন জুরাইন বাজারে অবৈধভাবে সরকারি এমএস’র ১ হাজার ৭০৫ বস্তা চাউল এবং ৫০০ বস্তা আটা উদ্ধার করে উক্ত প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। জব্দকৃত মালামাল উপ-খাদ্য পরিদর্শক, খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য হস্তান্তর করা হয়। 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ৮ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল মজুত রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করে। নরসিংদী সদরে ভোজ্য তেলের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেওয়ার কারণে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে, রাজধানীর ডেমরা থানা এলাকায় এবং হবিগঞ্জ জেলা সদরে অবৈধভাবে ভোজ্যতেলর উৎপাদন, মজুত, বিভিন্ন ব্র্যান্ডের লেভেলিং এবং অতিরিক্ত মূল্য নেওয়ার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানকে মজুত না করার জন্য সতর্ক এবং নির্দেশনা প্রদান করে র‌্যাব।