শিরোনাম

শেরপুর, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি’র প্রার্থী মাহমুদুল হক রুবেল।
গতকাল রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন।
জানা গেছে, ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। এছাড়াও কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।
বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬৪৮। বাতিল ভোট ২ হাজার ৮৬। সব মিলিয়ে মোট ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি।
এরআগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এই আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এছাড়া পোস্টাল ভোটের জন্য আবেদন করেছিলেন ৩ হাজার ৫৭৪ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ১৯ জন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই আসনে মোট ৫০ শতাংশ ভোট পড়েছে।
এদিকে জয়ের পর জেলা নির্বাচন অফিসের সামনে উচ্ছাস ও আনন্দ মিছিল করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি বড় ব্যবধানে জয় পাওয়ায় বিএনপি’র প্রার্থী মাহমুদুল হক রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশের সাথে এই আসনেও নির্বাচন হওয়ার কথা থাকলেও জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে এই আসনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।