বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

অনুমতিবিহীন ডিলার থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল জব্দ

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জে অনুমতিবিহীন একজন ডিলারের কাছ থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের মেঘনা ডিপো থেকে গতকাল সরবরাহ করা এই পেট্রোল শিবালয় উপজেলার রুমি ফিলিং স্টেশনের নামে ইস্যু করা হয়েছিল। তবে তা নির্ধারিত ফিলিং স্টেশনে আনলোড না করে অন্যত্র সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তদন্তে জানা যায়, সংশ্লিষ্ট ডিলারের পেট্রোল বিক্রির কোনো অনুমতি না থাকলেও তিনি নিয়মিতভাবে রুমি ফিলিং স্টেশনের নামে জ্বালানি সংগ্রহ করে গোপনে বিক্রি করে আসছিলেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় অভিযান চালিয়ে সমুদয় পেট্রোল জব্দ করা হয়। পরে তা শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জিম্মায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।