বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ২০:১৬

ভিক্ষাবৃত্তির জন্য অঙ্গহানির দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির জন্য অঙ্গহানি করার অভিযোগে করা মামলায় পাঁচজনের যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— সালাউদ্দিন (৩০), মো. শরিফুল ইসলাম ওরফে কোরবান মিয়া (২৬), খন্দকার ওমর ফারুক (৩২), রমজান (২৮) ও সাদ্দাম (২৪)। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাউসার (৩২) ও নাজমা আক্তার (৪৫) নামে দুই আসামিকে মামলার দায় হতে বেকসুর খালাস প্রদান করেন ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ৬ সেপ্টেম্বর কামরাঙ্গীরচর এলাকা থেকে সাত বছরের এক শিশুকে ঘর থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। তাদের পরিকল্পনা ছিল শিশুটিকে আজীবনের জন্য পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করা। এই উদ্দেশ্যে তারা নির্জন স্থানে নিয়ে শিশুটির পুরুষাঙ্গ কর্তন করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। 

এ ঘটনার পর শিশুটির বাবা উমেদ আলী ঢাকার আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর কামরাঙ্গীরচর থানাকে সিআর মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। গত ২০১১ সালের ১৫ মে মামলাটি তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আব্দুল বাতেন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারকালে ২০ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেন।