বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১৯:২১

বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশ বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৮ জন, বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন এবং শ্রীলঙ্কা ও কাতার বিমান বাহিনীর একজন করে সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাগণের মাঝে সনদপত্র বিতরণ করেন ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট সারাফ তাসনিম (ইঞ্জিনিয়ারিং)-কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করেন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ সেনাবাহিনী এবং কাতার দূতাবাসের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।