শিরোনাম

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে অভিযান চালিয়ে ১ হাজার ৩৬২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৬১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধভাবে মজুতকৃত ১ হাজার ৯২ লিটার ডিজেল, ২০ লিটার অকটেন এবং ২৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।
এছাড়া, অভিযানে ১৯২টি মামলা দায়ের এবং ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত এসব অভিযানে ৫ লাখ ৭৯ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
মনির হোসেন চৌধুরী জানান, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বলেও জানান তিনি।