শিরোনাম

বাগেরহাট, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনে দস্যু দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।
গতকাল বুধবার সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য বাসসকে নিশ্চিত করেন।
তিনি জানান, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-কে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ড সর্বদা সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ। দস্যু দমনে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানও চালানো হচ্ছে।
গত দেড় বছরে ধারাবাহিক অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনী করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর গ্রুপের মোট ৬১ জন সদস্যকে আটক করা হয়েছে।
এসব অভিযানে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ তাজা গুলি, ৩০৮ ফাঁকা গুলি এবং ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়।
এছাড়া দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
কোস্টগার্ড কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বননির্ভর জনগোষ্ঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।
সুন্দরবনের ভেতর ও আশপাশের নদী-খালে নজরদারি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে দস্যু বাহিনীর কয়েকটি আস্তানা শনাক্ত করে ধ্বংস করা হয়েছে এবং এ কার্যক্রম চলমান।