বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৭:৫৭

পল্লী বিদ্যুতে নিয়োগকৃত ৪ হাজার ৭৩৩ জনের আর্থিক সুবিধাদি নির্ধারণ

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিভিন্ন পদে নিয়োগকৃত ৪ হাজার ৭৩৩ জনের আর্থিক সুবিধাদি নির্ধারণ করে সকল জেনারেল ম্যানেজার ও সিনিয়র জেনারেল ম্যানেজারকে পত্র দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পল্লী বিদ্যুত)।

আজ বুধবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মানব সম্পদ পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে (পবিস) চুক্তিভিত্তিতে লাইন-ক্রু পদে নিয়োগ প্রাপ্ত ৪ হাজার ১৯২ জন লাইনম্যান গ্রেড-২ পদে নিয়মিতকরণ এবং ৫৩১ জনকে শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগ প্রদান করায়, তাদের আর্থিক সুবিধাদি নির্ধারণের বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পবিস মানব সম্পদ পরিদপ্তর থেকে জারিকৃত দপ্তরাদেশ অনুযায়ী ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে চুক্তি ভিত্তিতে লাইন ক্রু হিসাবে নিয়োগ প্রাপ্ত ৪১৯২ জনকে লাইন ক্রু হতে লাইনম্যান গ্রেড-২ পদে নিয়মিত করায়, পে-প্রোটেকশন বজায় থাকায় সংশ্লিষ্ট কর্মচারীদের চুক্তি ভিত্তিক পদের বিপরীতে ১ম যোগদানের তারিখ থেকে  শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে বেতন নির্ধারণ করা এবং এক্ষেত্রে পূর্বের কোন বকেয়া প্রাপ্য হবেন না, কিন্তু নিয়মানুযায়ী ফিক্সেশন (পে-প্রোটেকশন) সুবিধা প্রদান করা।

পবিস মানব সম্পদ পরিদপ্তর থেকে জারিকৃত দপ্তরাদেশ  অনুযায়ী লাইন ক্রু হতে লাইনম্যান গ্রেড-২ পদে নিয়মিত হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের চাকুরীতে জ্যেষ্ঠতা ১ম যোগদানের (চুক্তিভিত্তিতে) তারিখ হতে নির্ধারণ করাসহ লাইনম্যান গ্রেড-২ পদে নিয়মিত করণের তারিখ হতে চাকুরীকাল গণনা করা।

পবিস মানব সম্পদ পরিদপ্তর হতে জারিকৃত দপ্তরাদেশ অনুযায়ী নিয়োগ প্রাপ্ত লাইন ক্রুদের নিয়মিত করণের তারিখ থেকে চাকরীকাল গণনা করে ভবিষ্যৎ আনুতোষিক (গ্র্যাচুইটি) প্রদান করা।

পবিস মানব সম্পদ পরিদপ্তর হতে জারিকৃত দপ্তরাদেশ স্মারক নং-২০০৯; তারিখ: ১৭-০৯-২০২৪ খ্রি. অনুযায়ী ৫৩১ জন চুক্তি ভিত্তিক লাইন ক্রু এর চাকুরীকাল ০১ (এক) বছর পূর্তি না হওয়ায় চুক্তি ভিত্তিক যোগদানের তারিখ হতে তাদেরকে শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে বিবেচনা করা এবং এক্ষেত্রে নীতিমালা/পবিস নির্দেশিকা ৩০০-৮ অনুযায়ী শিক্ষানবিশকাল যথাযথভাবে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে লাইনম্যান গ্রেড-২ পদে নিয়মিত করা এবং বর্ণিত দপ্তরাদেশ জারীর তারিখ (১৭-০৯-২০২৪ খ্রি.) থেকে চাকরীকাল গণনা করে ভবিষ্যৎ আনুতোষিক (গ্র্যাচুইটি) প্রদান করা।

লাইন-ক্রুগণকে চুক্তি ভিত্তিক নিয়োগের পর থেকে নিয়মিত হওয়ার তারিখ পর্যন্ত (চুক্তিকালীন) চুক্তির শর্ত অনুযায়ী সন্তোষজনক চাকুরীকাল বিবেচনা করে গ্র্যাচুইটি প্রদান করা।

এমতাবস্থায়, বর্ণিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় কার্য ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।