শিরোনাম

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ ( বাসস) : মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে চারটি ড্রেজার ও দুইটি বাল্কহেডসহ ২০ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে|
আজ বুধবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান|
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টায় কোস্ট গার্ড অস্থায়ী কন্টিনজেন্ট পাটুরিয়া ও রাজবাড়ি কর্তৃক মানিকগঞ্জের দৌলতপুর ও বাঘুটিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়|
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, অভিযান চলাকালে ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে চারটি ড্রেজার ও দুইটি বাল্কহেডসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়|
এ সময় আটককৃতদের মধ্যে চার জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায়, তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি|
জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাটুরিয়া নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়|
তিনি আরও বলেন, বালু খেকোদের হাত থেকে ফসলি জমি ও আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে|